logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ০৩ এপ্রিল ২০২৬ ০৩:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও ভাষাগত স্বীকৃতি নিয়ে জেনেভায় উচ্চপর্যায়ের বৈঠক

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ এপ্রিল ২০২৬ ০৩:১০ পূর্বাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ এপ্রিল ২০২৬ ০৩:১০ পূর্বাহ্ন
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও ভাষাগত স্বীকৃতি নিয়ে জেনেভায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | জেনেভা (সুইজারল্যান্ড)

বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং কর্মীদের ভাষাগত দক্ষতা ও পেশাদারিত্বের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।

দক্ষতার স্বীকৃতি ও প্রশিক্ষণ কেন্দ্র সংস্কার

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সরাসরি সহযোগিতা কামনা করেন। তিনি অনুরোধ জানান যেন বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতাকে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। বিশেষ করে বাংলাদেশের নির্দিষ্ট কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (TTC) সৌদি আরবের সরাসরি তত্ত্বাবধানে আধুনিকায়ন এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য বিশেষ আরবি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়। এতে সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীরা আরও যোগ্য হিসেবে গড়ে উঠতে পারবেন।

জনশক্তি রপ্তানি বৃদ্ধির অঙ্গীকার

সৌদি উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজ সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং আগামীতে বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আইএলও-তে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রমিকদের সুরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন। বৈঠকে দুই দেশই শ্রমবাজারের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠক শেষে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে দ্বিপাক্ষিক আলোচনা আরও এগিয়ে নিতে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://www.channeljaintanews24.com/top-news/14517
Page of